বিশ্ব শিক্ষক দিবস: শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষা খাতের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত তালিকা অনুযায়ী সারা দেশের বিভিন্ন স্তরের ৯৫ জন শিক্ষককে এই সম্মাননার জন্য নির্বাচন করা হয়। এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি মনোনীত হয়েছেন আরও ৬ জন শিক্ষক। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলন বা বিরূপ কোনো তথ্য পাওয়া গেলে যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে তার নাম বাদ দেওয়া হতে পারে। গুণী শিক্ষক সম্মাননা হিসেবে নির্বাচিত প্রত্যেককে দুই লাখ টাকা নগদ অর্থ এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ ছাড়া অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
যেসব ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হলো
এ বছর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকদের এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে:
- প্রাথমিক পর্যায়: মোট ১০ জন (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন)।
- মাধ্যমিক পর্যায়: মোট ২০ জন (সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন)।
- কলেজ পর্যায়: মোট ২৫ জন (সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন)।
- সাধারণ বিশ্ববিদ্যালয়: মোট ২০ জন (সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন)।
- চিকিৎসা শিক্ষা: মোট ১০ জন (চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন)।
- বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও কৃষি-প্রকৌশল: কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক।
- প্রধানমন্ত্রী মনোনীত: ৬ জন শিক্ষক।
Comments