২০২৭ সালের জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে
আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই সরকারের মূল লক্ষ্য। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের দায় সরকার নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
সম্প্রতি সার বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, "সার নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা একটি বিশেষ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট ষড়যন্ত্র। যেসব এলাকায় তাদের সংসদ সদস্যরা রয়েছেন, মূলত সেখানেই সরকারকে কলঙ্কিত করার অসৎ উদ্দেশ্যে সার লুট ও কৃত্রিম সংকট তৈরির ঘটনা ঘটানো হচ্ছে।"
তিনি আরও বলেন, সার নিয়ে কৃষকদের মাঝে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে তা কঠোরহস্তে দমন করা হবে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
Comments