প্রচুর রিচ আছে, এমন কনটেন্ট ক্রিয়েটরদের আরও দায়িত্বশীল হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ যাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, তারা ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার পর চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজন চাঁদা চেয়েছেন বলে অভিযোগ তুললেও পরে আবার স্বীকার করেছেন যে তাঁর কাছে আসলে সেভাবে কোনো চাঁদা চাওয়া হয়নি।
উপদেষ্টা স্পষ্ট করেন যে, সালমান মুক্তাদির হামলার শিকার হয়েছেন এবং তাঁর স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রতি সরকারের পূর্ণ সহানুভূতি রয়েছে। তবে সেই পরিস্থিতিতে তিনি যেভাবে তথ্য উপস্থাপন করেছিলেন, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি বলেন, পরে সালমান মুক্তাদির নিজেই তাঁর আগের বক্তব্য থেকে সরে আসেন। শুধু সালমান মুক্তাদির নন, সম্প্রতি এ ধরনের আরও বিভিন্ন স্থাপনাও ভাঙচুরের শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সহিংসতার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে জাহেদ উর রহমান বলেন, 'কোনো রকম সহিংসতার পক্ষে সরকার সাফাই গাইছে না। এই ধরনের ঘটনা ঘটা উচিত হয়নি এবং তা আটকানো উচিত ছিল। এখন সরকারের প্রধান কাজ হবে দ্রুত এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা। আপনারা দেখছেন, এ বিষয়ে ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
এ সময় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, সালমান মুক্তাদিরের প্রাথমিক ভিডিও দেখার পরই তিনি চাঁদাবাজির অভিযোগ তুলে সরকারকে দায়ী করে স্ট্যাটাস দিয়েছিলেন, যা এখনো তাঁর পেজে রয়ে গেছে। শুধু তিনি নন, এনসিপির অনেক শীর্ষস্থানীয় নেতাও অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বিএনপি এবং সরকারের প্রধানকে লক্ষ্য করে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, যা পরবর্তীতে আর অপসারণ করা হয়নি।
বিশ্বজুড়ে অপতথ্য ছড়িয়ে পড়া বর্তমান সময়ের একটি বড় সংকট উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য থেকেও বিষয়টি স্পষ্ট। তিনি আশা প্রকাশ করে বলেন, 'সালমান মুক্তাদিরদের মতো মানুষ, যাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিচ ও ভাইরাল ট্র্যাকশন রয়েছে, তাঁদের আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত।'
ভবিষ্যতে এ ধরনের অপতথ্য ও প্রোপাগান্ডা রোধে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি এগুলোকে নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার সুযোগ রয়েছে। তিনি জানান, বর্তমানে 'সাইবার সুরক্ষা আইন' নিয়ে কাজ চলছে এবং আশা করা যায় সেই আইনি পরিমণ্ডলের মাধ্যমেই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড মোকাবিলা করা সম্ভব হবে।
Comments