রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা
ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এই সহযোগিতা চুক্তি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের লক্ষ্যেই এগিয়ে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ নিজস্ব স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সফলভাবে আলোচনা (নেগোসিয়েশন) করবে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশ কখনোই কোনো পক্ষ বা বিদেশি শক্তির শর্ত কিংবা চাপের মুখে নতি স্বীকার করবে না। বিমান বা অন্যান্য প্রযুক্তি কেনার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, বোয়িং বা এয়ারবাস যাই কেনা হোক না কেন, তা সম্পূর্ণ দেশের প্রয়োজন এবং স্বার্থ বিবেচনা করেই করা হবে।
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডা. জাহেদ উর রহমান এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে দাবি করেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই। বাজারে পর্যাপ্ত এলপিজি মজুদ রয়েছে, যা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
Comments