পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কটিকে আনুষ্ঠানিকভাবে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার সকালে হকারমুক্ত ঘোষণা করা এই সড়কগুলো সরেজমিনে পরিদর্শনে যান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন যে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও নর্থ সাউথ রোডের মূল সড়কে কোনো অবস্থাতেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসক জানান, হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরেই তাঁরা স্বেচ্ছায় মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় নগরবাসীর চলাচল সহজ ও স্বস্তিদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যত্রতত্র হকার বসার সুযোগ না থাকলেও কেবল রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ পথচারীদের চলাচলের জায়গা রেখে, নিয়মানুযায়ী নিবন্ধিত নির্দিষ্ট সংখ্যক হকার বসতে পারবেন।
নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে কেউ জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এছাড়া হকারদের নিবন্ধন ফি কমানোর দাবিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক প্রায় এক ঘণ্টা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments