ট্রলকে বুড়ো আঙুল দেখিয়ে সিলেটের 'শ্রেষ্ঠ শিক্ষক' বিউটি রানী পাল
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সুবাদে তীব্র সমালোচনার মুখে পড়া সিলেটের সেই প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলা পর্যায়ে 'শ্রেষ্ঠ গুণী শিক্ষক' নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ জানান, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে। বিউটি রানী পাল ছাড়াও বাকি তিনজন হলেন: মো. জামাল উদ্দিন লস্কর: প্রধান শিক্ষক, জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর। নুরজাহান বেগম: প্রধান শিক্ষক, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমানীনগর। আদরী রানী দাস: সহকারী শিক্ষক, ১ নম্বর চৌধুবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ।
ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল গত ২৩ জুলাই ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছিলেন। নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে 'শ্রাবণের মেঘগুলো' গানটি ব্যবহার করায় তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রল ও সমালোচনার শিকার হন।
তবে সমালোচনার মুখে দমে না গিয়ে ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার বানান তিনি। তাঁর সমর্থনে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরাও সামাজিক মাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন। সেই সময়ে দেশবাসী, পরিবার এবং সাংবাদিকরা পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছিলেন, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এর আগেও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
Comments