আগামী বছরের শুরুতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের প্রথম দিক থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। স্থানীয় নির্বাচনে বিএনপি এককভাবে প্রার্থী দেবে বলে জানান তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিরোধিতায় জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম দাবি করেন, এনসিপি ও জামায়াতের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের যোগাযোগ থাকতে পারে। দেশের বর্তমান আন্দোলনকে তিনি আওয়ামী লীগকে সহায়তা করার শামিল বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রিত্ব দিয়ে তাদের রাজাকরের তকমা দূর করতে সহায়তা করেছিলেন, অথচ আজ তারা সবকিছু ভুলে গেছে।
বর্তমান সরকার দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত জনগণের সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ ছয় মাস না পেরোতেই একটি মহল লংমার্চ করে সরকার পতনের হুমকি দিচ্ছে।
Comments