‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ দুর্নীতি করলে বরদাশত করা হবে না’
আদালতের কার্যক্রম নস্যাৎ, নথি কারসাজি বা দুর্নীতির উদ্দেশ্যে মামলা পরিচালনা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কড়া বার্তা দেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি, ঘুষ বা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না।
বিদেশে অর্থ পাচারের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ় ও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। কেবল মামলা পরিচালনা করাই আইন কর্মকর্তাদের মূল কাজ নয়, বরং আদালতের কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা তাদের প্রধান নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
Comments