পলাতক ফ্যাসিবাদীরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান
ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি কড়া আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। এছাড়া বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী।
Comments