দিনে রক্তচাপ স্বাভাবিক থাকলেও রাতে বাড়তে পারে ঝুঁকি
উচ্চ রক্তচাপকে হৃদ্স্বাস্থ্যের অন্যতম বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা জরুরি। তবে শুধু দিনের বেলায় রক্তচাপ কত থাকছে, সেটি জানলেই শরীরের পুরো পরিস্থিতি বোঝা সম্ভব নয়। ঘুমের সময় রক্তচাপের ওঠানামাও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি নির্দেশক।
বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকলেও রাতে শরীরে কী ধরনের পরিবর্তন হচ্ছে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। কারণ ঘুমের সময় শরীর সাধারণত বিশ্রাম ও শিথিল অবস্থায় থাকে। ফলে এ সময়ে রক্তচাপ দিনের তুলনায় কিছুটা কমে যাওয়াই স্বাভাবিক।
রাতে রক্তচাপ কেন গুরুত্বপূর্ণ
চিকিৎসকদের ভাষ্য, একটি মাত্র রক্তচাপের রিডিং দিয়ে কারও সামগ্রিক অবস্থা নির্ধারণ করা ঠিক নয়। বিশেষ করে ঘুমের সময় রক্তচাপ কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ।
স্বাভাবিক অবস্থায় ঘুমের সময় রক্তচাপ দিনের তুলনায় প্রায় ১০ শতাংশ বা তার বেশি কমতে পারে। কিন্তু এই স্বাভাবিক পতন না হলে সেটিকে রক্তচাপের অস্বাভাবিক ধরণ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে হৃদ্রোগ, স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এ ছাড়া রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া কিংবা ঘুমে নিয়মিত ব্যাঘাত ঘটলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ঘুমের সমস্যা এবং রাতের রক্তচাপের অস্বাভাবিকতার মধ্যে সম্পর্ক থাকতে পারে বলে মনে করেন চিকিৎসকরা।
একদিনের রিডিংয়ে নিশ্চিন্ত নয়
রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধারাবাহিক পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। কোনো একদিন রক্তচাপ স্বাভাবিক পাওয়া গেলেই ঝুঁকি পুরোপুরি কেটে গেছে—এমনটা মনে করার কারণ নেই।
নিয়মিত রক্তচাপ মাপার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দিনের বিভিন্ন সময়ের রক্তচাপের পরিবর্তনও পর্যবেক্ষণ করা দরকার। বিশেষ করে যাদের রক্তচাপ ওঠানামা করে বা ঘুমের সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
গবেষণায় কী জানা গেছে
'জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন'-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ঘুমের সময় রক্তচাপ কমে আসা শরীরের স্বাভাবিক সার্কাডিয়ান ছন্দের অংশ। ঘুমের সময় শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণেও রক্তচাপ সাধারণত কমে।
গবেষণায় আরও দেখা গেছে, রাতে রক্তচাপ বেশি থাকা কিংবা দিনের তুলনায় রাতে প্রত্যাশিত মাত্রায় রক্তচাপ না কমার সঙ্গে হৃদ্রোগের জটিলতা এবং পরবর্তী সময়ে হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকির সম্পর্ক থাকতে পারে।
তবে রাতের রক্তচাপ খুব বেশি কমে যাওয়াও সব ক্ষেত্রে নিরাপদ নয়। অতিরিক্ত কম রক্তচাপের সঙ্গেও কিছু স্বাস্থ্যঝুঁকি যুক্ত থাকতে পারে। জীবনযাপন, ঘুমের সমস্যা এবং বিভিন্ন শারীরিক অবস্থার কারণে রাতের রক্তচাপের ওপর প্রভাব পড়তে পারে।
তাই দিনের রক্তচাপ স্বাভাবিক থাকলেও রাতের পরিস্থিতিকে অবহেলা করা উচিত নয়। রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা বা ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণ করাই সবচেয়ে নিরাপদ।
Comments