রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টার পর শুরু হওয়া বৃষ্টিতে মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, নতুন বাজারসহ বেশ কয়েকটি এলাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়।
সকালের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী চাকরিজীবী এবং বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষজন। হঠাৎ বৃষ্টির কারণে অনেককে বৃষ্টির মধ্যে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
Comments