ময়মনসিংহে ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা গেছেন। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে হাসপাতালটিতে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৪২ জন নারী ও ১০ জন শিশু।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ব্রাহ্মপল্লী এলাকার মাতাব উদ্দিনের ছেলে। গত ৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৩৬ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে আইসিইউতে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোমের সঙ্গে তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতা, হৃদ্যন্ত্রের গুরুতর সমস্যা এবং তীব্র বাম ভেন্ট্রিকুলার হৃদ্যন্ত্রের অকার্যকারিতা উল্লেখ করা হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিন নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। একই সঙ্গে অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে, বিশেষ করে জটিলতা দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
হাসপাতালে ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Comments