ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী
দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম রুটে এবার ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে ইতোমধ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা (ডিজাইন) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
সংসদ নেতা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে অধিকতর আধুনিক ও গতিশীল করতে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং পরিশেষে ইলেকট্রিক ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রকল্পটি কবে নাগাদ চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এই করিডোরে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি ও বিশদ ডিজাইনের কাজ সফলভাবে শেষ হয়েছে। এখন প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে দ্রুতই এর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে।'
প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের গড় গতি উল্লেখযোগ্য হারে বাড়বে এবং যাত্রীদের যাতায়াতের সময়ও বহুলাংশে কমে আসবে।
Comments