৮০-এর দশকের ছবি তৈরির এআই ট্রেন্ড, যেভাবে বানাবেন আপনিও
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে নতুন করে জনপ্রিয়তা পেয়েছে ১৯৮০-এর দশকের আদলে ছবি তৈরির এআই ট্রেন্ড। বর্তমান সময়ের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এমনভাবে পরিবর্তন করা হচ্ছে, যাতে সেটিকে প্রায় চার দশক আগের ক্যামেরায় তোলা ছবি বলে মনে হয়।
এই ট্রেন্ডে ব্যবহারকারীরা নিজেদের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে পোশাক, চুলের স্টাইল, আলো, ব্যাকগ্রাউন্ড ও ছবির রঙ পরিবর্তন করছেন। এরপর তৈরি করা ছবিগুলো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে 'এড ইউরস' স্টিকার যুক্ত করছেন। ফলে অন্য ব্যবহারকারীরাও একই ধরনের ছবি তৈরি করে ট্রেন্ডে যুক্ত হচ্ছেন।
শুধু ভিনটেজ ফিল্টারেই সীমাবদ্ধ নয়
নতুন এই এআই ট্রেন্ডের বিশেষত্ব হলো, ছবিতে শুধু পুরোনো দিনের ফিল্টার যোগ করা হচ্ছে না। বরং পুরো ছবির পরিবেশ ও চরিত্রকে ১৯৮০-এর দশকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হচ্ছে।
কেউ ছবিকে পুরোনো বলিউড স্টুডিও পোর্ট্রেটের আদলে তৈরি করছেন। আবার কেউ সেটিকে পুরোনো ম্যাগাজিনের ফটোশুট কিংবা পারিবারিক অ্যালবামে থাকা ছবির মতো করে তুলছেন।
ছবিতে উষ্ণ আলো, উজ্জ্বল রঙ, সফট ফোকাস এবং অ্যানালগ ফিল্মের গ্রেইন ব্যবহার করা হচ্ছে। এসব উপাদান ছবিতে পুরোনো ক্যামেরায় ধারণ করা ছবির অনুভূতি তৈরি করছে।
ভারতীয় ঘরানার ছবিতে নারীদের ক্ষেত্রে শাড়ি, বড় ও ভলিউমযুক্ত চুল এবং আকর্ষণীয় গয়না যোগ করা হচ্ছে। পুরুষদের ছবিতে দেখা যাচ্ছে সেই সময়ের শার্ট, হাই-ওয়েস্টেড প্যান্ট, গোঁফ ও প্রচলিত চুলের স্টাইল।
চ্যাটজিপিটি দিয়ে কীভাবে বানাবেন?
প্রথমে নিজের একটি ছবি চ্যাটজিপিটিতে আপলোড করতে হবে। এরপর ছবিটিকে ১৯৮০-এর দশকের ছবি হিসেবে পুনর্নির্মাণের নির্দেশ দিতে হবে।
প্রম্পটে পোশাক, চুলের ধরন, গয়না, ব্যাকগ্রাউন্ড, আলোর ধরন এবং ফিল্মের টেক্সচার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে।
শুধু সময়কাল উল্লেখ না করে নির্দিষ্ট ধরনও বেছে নেওয়া যায়। যেমন—পুরোনো বলিউড স্টুডিও পোর্ট্রেট, ১৯৮০-এর দশকের ম্যাগাজিন ফটোশুট, পারিবারিক অ্যালবাম, বিয়ের ছবি কিংবা সে সময়কার টেলিভিশন পোর্ট্রেট।
ব্যবহার করতে পারেন এমন কয়েকটি প্রম্পট
ক্লাসিক বলিউড পোর্ট্রেট:
'এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত ভারতীয় স্টুডিও পোর্ট্রেটে রূপান্তর করুন। মুখের গঠন ও ব্যক্তিগত পরিচয় স্বাভাবিক রাখুন। সে সময়ের ভারতীয় পোশাক, চুলের স্টাইল ও আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করুন। উষ্ণ স্টুডিও আলো, সফট ফোকাস, হালকা ফিল্ম গ্রেইন এবং সামান্য ফিকে রঙ ব্যবহার করুন। ছবিটি যেন শুধু আধুনিক ছবিতে ভিনটেজ ফিল্টার প্রয়োগ করা হয়েছে—এমন না দেখায়; বরং ১৯৮০-এর দশকের অ্যানালগ ক্যামেরায় তোলা বাস্তব ছবি মনে হয়।'
পুরোনো পারিবারিক অ্যালবাম:
'ছবিটিকে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ের একটি ভারতীয় পারিবারিক অ্যালবামের ছবির মতো তৈরি করুন। মুখ ও অভিব্যক্তি স্বাভাবিক রাখুন। সে সময়ের পোশাক, চুলের ধরন এবং সাধারণ ঘরোয়া পরিবেশ যোগ করুন। অ্যানালগ ক্যামেরার হালকা গ্রেইন, নরম আলো এবং বাস্তবসম্মত পুরোনো ফিল্মের রঙ ব্যবহার করুন।'
৮০-এর দশকের বলিউড নায়িকা:
'ছবিটিকে ১৯৮০-এর দশকের বলিউড-ধাঁচের গ্ল্যামারাস স্টুডিও পোর্ট্রেটে রূপ দিন। মুখের পরিচয় ও স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রাখুন। বড় ভলিউমের চুল, রঙিন শাড়ি ও আকর্ষণীয় গয়না যোগ করুন। ক্লাসিক ভারতীয় স্টুডিও ব্যাকগ্রাউন্ড, উষ্ণ আলো, সফট ফোকাস এবং অ্যানালগ ফিল্ম গ্রেইন ব্যবহার করুন।'
৮০-এর দশকের বলিউড নায়ক:
'ছবিটিকে ১৯৮০-এর দশকের বলিউড নায়কের স্টুডিও পোর্ট্রেটের মতো তৈরি করুন। মুখের পরিচয় অপরিবর্তিত রাখুন। সে সময়ের চুলের স্টাইল, প্রয়োজন অনুযায়ী গোঁফ, শার্ট, হাই-ওয়েস্টেড প্যান্ট এবং ক্লাসিক স্টুডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন। উষ্ণ আলো, অ্যানালগ ফিল্ম গ্রেইন এবং সামান্য ফিকে রঙ যোগ করুন।'
এ ছাড়া ১৯৮০-এর দশকের ভারতীয় বিয়ের অ্যালবাম, পুরোনো ম্যাগাজিনের প্রচ্ছদ, দূরদর্শন-যুগের টেলিভিশন পোর্ট্রেট কিংবা ১৯৮৭ সালের ভারতীয় শহরের রাস্তার দৃশ্যের আদলেও ছবি তৈরি করা সম্ভব।
Comments