ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও হামলার ঘটনায় সরকার তাৎক্ষণিক কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে ইতালিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের তোপের মুখে পড়েছেন। সেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকে অপরাধ হিসেবে দেখিয়ে তাঁর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।
এ সময় নিজের ওপর হওয়া হামলার অভিজ্ঞতা তুলে ধরে এই সংসদ সদস্য আরও জানান, এর আগে তিনি নিজে অন্তর্বর্তী সরকারের সময়ে জাতিসংঘ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে গেলে সেখানেও একই কায়দায় তাঁর ওপর হামলা চালিয়েছিল আওয়ামী দুর্বৃত্তরা। বিদেশে অবস্থানরত জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর আওয়ামী গুন্ডাদের এমন হামলা, হেনস্তা ও হুমকি এখনো অব্যাহত রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
Comments