জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না: সারজিস আলম
'আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে সারজিস আলম বলেন, 'আমাদের শেখাতে হবে না আমরা কীভাবে কর্মসূচি পালন করব। তারা বলছে এটা লংমার্চ না, রোডমার্চ, আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটি যদি লং ড্রাইভ হয়, তবে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ার কর্মসূচি যদি লংমার্চ হয়, তবে আমাদেরটাও লংমার্চ।'
বিএনপির সাবেক ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, 'আপনারা যখন "মার্চ টু ডেমোক্রেসি"র ঘোষণা দিয়েছিলেন, তখন শুধু একটি বালুর ট্রাক দিয়েই আপনাদের পুরো লংমার্চ আটকে দেওয়া হয়েছিল। আপনারা একটি বালুর ট্রাকও সরাতে পারেননি। তৎকালীন বিরোধী দল হিসেবে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত শুনে আমাদের বিরোধী দলের কার্যক্রম চালাতে হবে না।'
এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Comments