ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর ফলে একটি উপজেলার অধীন সব ইউনিয়ন পরিষদে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, 'ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। এটি পাঁচ ধাপে হবে নাকি ছয় ধাপে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, নির্বাচন হবে উপজেলাভিত্তিক। অর্থাৎ, একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলোতে একই দিনে ভোটগ্রহণ করা হবে।'
তিনি আরও বলেন, 'যদি কোনো উপজেলার কিছু ইউনিয়ন এক ধাপে এবং বাকিগুলো অন্য ধাপে দেওয়া হয়, তবে সেখানে একধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এক উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে ভোট হবে।'
তফসিল ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
স্থানীয় সরকারের নির্বাচনী বিধিমালা প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'যতদূর জানি, নতুন নিয়মে পোস্টার থাকবে না। এছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন এসেছে, যা দেখে বিস্তারিত বলা যাবে।'
উল্লেখ্য, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে আগামী নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। পরবর্তীতে পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments