মাদক মামলার বিচার ত্বরান্বিত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন
মাদকসংক্রান্ত অপরাধের মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি 'মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল' গঠন করেছে সরকার। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় দেওয়া ক্ষমতাবলে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ার ও নির্ধারিত সীমানাও উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা এলাকার জন্য একটি এবং ঢাকা মহানগরের মামলার জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল থাকবে।
ঢাকা মহানগরের চার ট্রাইব্যুনালের আওতা
ঢাকা মহানগর-১ ট্রাইব্যুনালের অধীনে থাকবে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা ও শাহবাগ থানা।
ঢাকা মহানগর-২-এর অধিক্ষেত্রে রয়েছে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা।
ঢাকা মহানগর-৩-এর আওতায় মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা রাখা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর-৪-এর অধীনে থাকবে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা।
এ ছাড়া নারায়ণগঞ্জে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলার জন্য একটি এবং চট্টগ্রাম মহানগরের জন্য তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজারে তিন ট্রাইব্যুনাল
মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
কক্সবাজার-১-এর আওতায় রয়েছে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী। কক্সবাজার-২-এর অধীনে উখিয়া, সদর ও ঈদগাঁও। আর কক্সবাজার-৩-এর অধিক্ষেত্রে রাখা হয়েছে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী।
এ ছাড়া কুমিল্লায় দুটি ট্রাইব্যুনাল এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
চলমান মামলাও যাবে নতুন ট্রাইব্যুনালে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি জারির পরবর্তী ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো সংশ্লিষ্ট বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।
মামলা যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
Comments