ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি আকর্ষণীয় বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগে প্রাপ্ত বিভিন্ন দরপত্রের মূল্য পর্যালোচনা করে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ভিত্তি ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে বিশেষ প্রণোদনা হিসেবে ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যদি কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে সিস্টেম স্থাপন করতে সক্ষম হন, তবে সেই সাশ্রয়কৃত অর্থ তাঁর নিজস্ব লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী—যেসব গ্রাহক আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তাঁরা পরবর্তী তিন বছর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন। তবে নির্দিষ্ট এই সময়ের পর স্থাপিত সিস্টেমের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের তথ্য সংরক্ষণ, গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ নিরূপণ এবং প্রণোদনার হিসাব তদারকি করবে। প্রণোদনার নির্ধারিত অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে; কোনো অবস্থাতেই নগদ অর্থ প্রদান করা হবে না।
সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ যাবতীয় যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
গ্রাহকদের নীতিগত ও দাপ্তরিক সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগ ইতিমধ্যে একটি 'ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার' চালু করেছে। এ ছাড়া দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও এসংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।
Comments