বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সকলে একটি বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদৃঢ় প্রত্যয় নিয়ে এই দল গঠিত হয়েছিল। বিএনপি সব সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।"
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হচ্ছে।
Comments