মাগুরার আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: দ্রুত রায় কার্যকরের দাবি মায়ের
মাগুরার আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্ট কর্তৃক বহাল রাখার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা। তিনি দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন যাতে আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।
সোমবার (৩১ আগস্ট) মাগুরায় নিজ বাড়িতে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আকুতি জানান।
আছিয়ার মা বলেন, "আমি চাই এই রায়ের কার্যকারিতা দ্রুত হোক। আমি নিজের কানে শুনতে চাই, নিজের চোখে দেখতে চাই। তাহলেই আমি আরও আশ্বস্ত হবো এবং শান্তি পাবো।" তিনি সরকারের কাছে তার পরিবার ও বাকি সন্তানদের খোঁজখবর রাখারও আবদার জানান।
গত বছরের ৫ মার্চ রাতে নিজ বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ধর্ষণের পাশাপাশি তাকে হত্যার চেষ্টা চালানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ সবাইকে গ্রেপ্তার করে এবং ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র দেয়। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে ওই বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন এবং বাকি তিনজনকে খালাস দেন। পরবর্তীতে উচ্চ আদালতেও সেই রায় বহাল থাকে।
Comments