বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্ক করলেন প্রধান বিচারপতি
আদালতের রায় লেখার ক্ষেত্রে কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
তিনি বলেন, মামলার বিষয়বস্তু, সংশ্লিষ্ট আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং সবশেষে বিচারকের নিজস্ব বিবেক-বিবেচনার জায়গাটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম 'এআই গভর্নেন্স সামার স্কুল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এআই ব্যবহারের সীমা নির্ধারণে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তিটির ব্যবহার কোথায় করা যাবে এবং কোন ক্ষেত্রে করা যাবে না, তা স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।
প্রধান বিচারপতির মতে, মানুষের জীবনযাত্রা সহজ করা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা উচিত।
এআই ব্যবহারের ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত অবকাঠামো থাকলেই হবে না, দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে এআই থেকে পাওয়া তথ্য যাচাই না করে সরাসরি ব্যবহারের বিষয়ে সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত না করে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
Comments