পদার্থবিজ্ঞান পড়ে ‘ডাক্তার’, ভুল চিকিৎসায় গর্ভস্থ শিশু মৃত্যুর অভিযোগ
পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসকের কোনো স্বীকৃতি বা বৈধ সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ার অভিযোগ উঠেছে রোখসানা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। তিনি মূলত পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি তার দেওয়া উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করে এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোখসানা আক্তার জগদল বাজারে একটি ফার্মেসি খুলে নিজেই চিকিৎসক সেজে বসেছেন। এলাকার সাধারণ মানুষ তার শিক্ষাগত যোগ্যতা না জেনেই চিকিৎসা নিতে আসতেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৪ আগস্ট জগদল বাজারের মাতৃসেবা ফার্মেসীতে মিজানুরের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ হয়ে রোকসানা আক্তারের কাছে গেলে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রোখসানা নিজেকে অভিজ্ঞ দাবি করে ওই নারীকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ দেন। ওষুধ সেবনের কিছুদিনের মধ্যেই ওই অন্তঃসত্ত্বা নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, তার গর্ভের সন্তানটি মারা গেছে।
স্বামী মিজানুর রহমানের দাবি, চিকিৎসক না হয়েও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অন্তঃসত্ত্বা নারীকে এভাবে ওষুধ দেওয়ার কারণেই তাঁর গর্ভের সন্তানটির মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর থেকে জগদল বাজার ও আশেপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভুয়া চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধের দাবি জানিয়েছেন।
সরেজমিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জগদল বাজারের ওই ফার্মেসিতে রোখসানা আক্তার রোগীদের প্রেসক্রিপশন লেখার বিষয়টি কালবেলার কাছে স্বীকার করে বলেন, ওষুধ লেখার অনুমতি রয়েছে তাঁর।
স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন, রোগীটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। চিকিৎসক না হয়ে এভাবে প্রেসক্রিপশন করে ওষুধ দেওয়া ঠিক হয়নি। প্রশাসনের উচিত এ ধরনের সব ওষুধের দোকানে বিশেষ নজরদারি রাখা।
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় যেকোনো ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ সেবন মা ও শিশু উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, চিকিৎসক না হলে এ ধরনের ওষুধ লেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments