অনুমোদনহীন ও অবৈধ ঋণ অ্যাপ থেকে দূরে থাকার সতর্কবার্তা বিএফআইইউর
সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সক্রিয় থাকা অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যম থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
এর আগে গত ২৩ আগস্ট প্রথম আলোতে 'মুঠোফোনে ঋণের ভয়ংকর ফাঁদ' শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে অন্তত ৩০টি অবৈধ ঋণ অ্যাপের দৌরাত্ম্য ও গ্রাহকদের হয়রানির চিত্র উঠে আসে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনহীন এসব অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম ঋণ দেওয়ার নাম করে ব্যবহারকারীর মুঠোফোনের কন্টাক্ট লিস্ট, ছবি এবং অন্যান্য স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। পরবর্তীতে ঋণ আদায়ের নামে গ্রাহকদের মানসিকভাবে চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ফাঁসের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও প্রচলিত আইন না মেনে ডিজিটাল মাধ্যমে এ ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এছাড়া প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় একটি শাস্তিযোগ্য অপরাধ।
সাধারণ মানুষের জন্য ৪ দফা সতর্কতা প্রতারণা এড়াতে সাধারণ মানুষকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছে বিএফআইইউ:
- কোনো ধরনের অনুমোদনহীন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
- অপরিচিত কোনো অ্যাপে নিজের জাতীয় পরিচয়পত্র (NID), ব্যাংক হিসাবের বিবরণী, ব্যক্তিগত ছবি বা সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না।
- লোন দেওয়ার আগে যদি কোনো প্ল্যাটফর্ম অগ্রিম অর্থ, রেজিস্ট্রেশন ফি বা প্রসেসিং ফি দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে সতর্ক হোন।
- এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে কখনোই যুক্ত হবেন না।
চিহ্নিত ৩১টি অননুমোদিত ঋণ অ্যাপ বিএফআইইউর নজরদারিতে আসা ৩১টি অবৈধ ও অননুমোদিত লোন অ্যাপের তালিকা নিচে দেওয়া হলো:
বিএফআইইউর নজরে আসা ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপের মধ্যে রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, টাকা ক্যাশ লোন, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।ইজি টাকা
এ ধরনের অবৈধ প্ল্যাটফর্ম থেকে ঋণ নিয়ে কেউ প্রতারিত হলে কিংবা কোনো অননুমোদিত অ্যাপ বা ব্যক্তির সন্ধান জানা থাকলে তা অবিলম্বে বিএফআইইউর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অভিযোগ আকারে জানাতে বলা হয়েছে।
Comments