সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নওগাঁয় পৌঁছেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাই থানা চত্বরে পৌঁছায়।
এর আগে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাইয়ে নেওয়া হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে পাঠানোর পাশাপাশি প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করে কোনো খরচ ছাড়াই মরদেহগুলো নিজ এলাকায় আনা হয়েছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম দিকে আত্রাইয়ের ১৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও বর্তমানে উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। অন্যদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ইউএনও আরও জানান, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহত সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
Comments