উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের বিরুদ্ধে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’র তীব্র প্রতিবাদ
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি'র সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)-এর বিরুদ্ধে ভ্রমণ, ব্যয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যে সকল অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওটির উপস্থাপন ও বক্তব্যের ধরন থেকে প্রতীয়মান হয় যে, একটি সম্মানিত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই বিষয়গুলোকে বিকৃত ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চায় যে, প্রতিষ্ঠানের CEO-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকল অফিসিয়াল ভ্রমণ প্রযোজ্য আইন, বিধি-বিধান, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা, প্রতিষ্ঠানের অনুমোদিত নীতিমালা এবং যথাযথ অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। কোনো ভ্রমণ ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত উদ্দেশ্যে পরিচালিত হয়নি। প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের প্রয়োজনে সম্পাদিত অফিসিয়াল কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত ভ্রমণ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বাস্তবতার পরিপন্থী।
ভিডিওতে উত্থাপিত তথাকথিত অভিযোগগুলোর কোনোটি প্রতিষ্ঠিত বা গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ দ্বারা সমর্থিত নয়। বিশেষ করে, ভ্রমণ ব্যয় বা অফিসিয়াল সফরকে কেন্দ্র করে যে ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, তা প্রকৃত তথ্য, প্রাতিষ্ঠানিক নথি ও অনুমোদিত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং খণ্ডিত তথ্য, অনুমান এবং বিভ্রান্তিকর উপস্থাপনার মাধ্যমে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।
একটি দায়িত্বশীল গণমাধ্যমের অন্যতম মৌলিক দায়িত্ব হলো তথ্য যাচাই করা, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা এবং প্রমাণনির্ভর সংবাদ পরিবেশন করা। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচাই-বাছাইহীন, একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচার করা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, এনগেজমেন্ট বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠানের সুনাম এবং একজন সম্মানিত ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়ন্ত্রক নীতিমালা -কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানের CEO-এর দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্পাদিত বৈধ ও অনুমোদিত অফিসিয়াল কার্যক্রমকে বিকৃতভাবে উপস্থাপন করে ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র হননের চেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই—কোনো আইন ভঙ্গ করা হয়নি, কোনো নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘন করা হয়নি এবং কোনো অফিসিয়াল সফর ব্যক্তিগত উদ্দেশ্যে পরিচালিত হয়নি। অতএব, ভিডিওতে প্রচারিত অভিযোগগুলোকে প্রকৃত ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো যৌক্তিক ভিত্তি নেই।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সমালোচনা, মতামত ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তবে মিথ্যা, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অধিকার কারও নেই। স্বাধীন মতপ্রকাশের অধিকার কখনোই মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত সম্মানহানি বা পরিকল্পিতভাবে কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার লাইসেন্স হতে পারে না।
এ ধরনের কর্মকাণ্ডকে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম, স্বার্থ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মর্যাদা রক্ষায় প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্যান্য পক্ষের বিরুদ্ধে প্রযোজ্য আইনের আওতায় যথাযথ ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সংরক্ষণ করে।
আমরা সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। গুজব, বিকৃত তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওর মাধ্যমে নয়।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সত্য, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও একই নীতিতে তার কার্যক্রম পরিচালনা করে যাবে।
Comments