আমি এখন সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ থেকে কাজ করবেন। দলীয় ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের স্বার্থই তাঁর কাছে সবসময় প্রাধান্য পাবে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত নিজের প্রথম দরবারে তিনি এই কথা বলেন।
দায়িত্ব গ্রহণের আগেই দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ এবং সেভাবেই নিজের দায়িত্ব পালন করে যাবেন। কারও প্রতি কোনো রাগ-অনুরাগ না রেখে তিনি দেশের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বঙ্গভবন হলো রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এর মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন। রাষ্ট্রীয় ব্যয়ে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের অর্থের সদ্ব্যবহার ও সরকারি সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি দেশ গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সভার শেষ পর্যায়ে বঙ্গভবনের সব কর্মকর্তা-কর্মচারীকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান এবং সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Comments