ঢাকার ৩ বস্তিতে আধুনিক আবাসন করবে চীন, বিনিয়োগ ১০ হাজার কোটি
রাজধানীর কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ। প্রস্তাবটিতে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে চীন। ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক হয়।
প্রতিমন্ত্রী জানান, গুলশান ও ঢাকা-১৭ এলাকার কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তিকে কেন্দ্র করে এ আবাসন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব এলাকার বর্তমান বাসিন্দাদের জন্য বিনামূল্যে আধুনিক আবাসনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্তমানে বস্তিগুলোতে বসবাসরত সব পরিবারের আবাসনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। চীনের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পাওয়ার পর পর্যায়ক্রমে বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে।
এদিকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা খাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। আমিনবাজারের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, চীনের একটি কোম্পানি আগামী দেড় বছরের মধ্যে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা করছে।
তিনি জানান, ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে আগামী ২ সেপ্টেম্বর চীনে বাংলাদেশ, চীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
Comments