লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি সামাল দিতে রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহে ঘাটতি, বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমেছে। পাশাপাশি সঞ্চালনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
সংকট মোকাবিলায় ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এতে ঢাকায় সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে পুনর্বণ্টন করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের দাবি, এ উদ্যোগের ফলে ঢাকার বাইরের শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে দীর্ঘসময় ও ঘনঘন লোডশেডিংয়ের চাপও কমছে।
সরকারের লক্ষ্য, দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের চাপ তুলনামূলকভাবে সুষমভাবে বণ্টন করা। কোনো নির্দিষ্ট অঞ্চল বা গ্রাহক শ্রেণিকে দীর্ঘসময় বিদ্যুৎবঞ্চিত না রেখে সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ আশা করছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া, বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ফিরে আসা এবং গ্রিডের সীমাবদ্ধতা কমলে পরিস্থিতির আরও উন্নতি হবে।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দেশে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২ হাজার ২৫৯ মেগাওয়াট। ওই সময় জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট।
ফলে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় ঢাকায় সরবরাহ সমন্বয় করে দেশের অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টনের উদ্যোগকে আপাতত সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Comments