তৃতীয় অধিবেশনে অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চীফ হুইপ
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসদীয় কমিটি, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিলসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।
তৃতীয় অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের একটি সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে উল্লেখ করে চীফ হুইপ জানান, প্রয়োজনের সাপেক্ষে এর ব্যাপ্তি আরও বাড়ানো হবে। এই অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিলগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।
জুলাই সনদ প্রসঙ্গে চীফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখেই ভোট দিয়েছেন এবং সরকারের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার ফলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের সর্বোচ্চ স্বার্থে প্রয়োজন সাপেক্ষে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
তিনি আরও জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এই কমিটিতে বিএনপি থেকে ৭ জন এবং জামায়াত থেকে ৫ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ছোট দল ও বিরোধী দল থেকে নাম পাওয়া সাপেক্ষে সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি জানান, উদাহরণস্বরূপ ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধন করা হয়েছে।
Comments