ব্যস্ত শহরে দুই আগন্তুকের গল্প: আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আরো কিছুক্ষণ'
একটি ব্যস্ত, যান্ত্রিক শহরের কঠিন কংক্রিটের ভেতরেও কিছু সম্পর্কের টানে তৈরি হতে পারে অদ্ভুত সুন্দর কিছু মুহূর্ত। এমনই এক স্নিগ্ধ অনুভূতির গল্প নিয়ে আসছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আরো কিছুক্ষণ'। প্রায় ২৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে জি সিরিজের (G Series) ইউটিউব চ্যানেলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩০ মিনিটে।
২০১৮ সালের বহুল আলোচিত 'তবুও ভালোবাসি' নাটকের পর মাঝের সময়টায় নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ এবং ২০২৩ সালে 'কাবাডি' সিরিজ পরিচালনা করেছিলেন নির্মাতা রুবায়েত মাহমুদ। দীর্ঘ বিরতির পর নিজের মনের মতো একটি গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।
নির্মাতা রুবায়েত মাহমুদ বলেন,"বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও সেখানে নিজের মতো করে গল্প বলার সুযোগ কম থাকে। একটা সময় মনে হলো, এবার নিজের মতো করে একটা গল্প বানাই। এই গল্পটা একটি ব্যস্ত ও যান্ত্রিক শহরের দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প।"
'আরো কিছুক্ষণ'-এর চিত্রনাট্য নিয়ে বেশ আশাবাদী নির্মাতা। তিনি জানান, দেশের অনেক বড় বড় প্রযোজনাও দুর্বল চিত্রনাট্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়টি মাথায় রেখেই চিত্রনাট্যকে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। চরিত্রের সূক্ষ্ম অনুভূতিগুলো পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সাদিয়াকে নিয়ে নির্মাতা বলেন,"সাদিয়া অত্যন্ত আন্তরিকতা ও আনন্দের সঙ্গে কাজটি করেছে। চরিত্রটিতে শুধু সংলাপ বা দৃশ্য ছিল না, ছিল অনেক সূক্ষ্ম অনুভূতি। সে খুব সহজ ও বিশ্বাসযোগ্যভাবে ক্যামেরার সামনে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে। তাঁর কাজের প্রতি প্রস্তুতি ও আন্তরিকতা সত্যি প্রশংসনীয়।"
আরো কিছুক্ষণ'-এর চিত্রগ্রহণ করেছেন রিপন চৌধুরী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সম্পাদনায় রয়েছেন মাজহার রনি, কালার গ্রেডিং করেছেন চিন্ময় রায় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ও গান কম্পোজ করেছেন জাহিদ নিরব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রযোজক মো. শামীম মাহমুদ শাতু।
যান্ত্রিক শহরের কোলাহল ছাপিয়ে এই দুই আগন্তুকের মনের গভীরের গল্প দেখতে চোখ রাখুন G Series-এর পর্দায়। ১ সেপ্টেম্বর ২০২৬, ঠিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে মুক্তি পাচ্ছে 'আরো কিছুক্ষণ'!
Comments