জুলাই-অভ্যুত্থান মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলকে গ্রেপ্তার
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আবদুস সালাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেওয়া এবং এ ঘটনায় আর্থিক সহায়তা করার বিষয়ে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
যেভাবে গ্রেপ্তার হন নজরুল
২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। পরদিন যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় গত ১৮ আগস্ট গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। শুনানি শেষে আজ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হলো।
মামলার অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার আহত হন।
এ ঘটনায় গত ১১ ডিসেম্বর জব্বার আলী নিজে বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়েছে।
Comments