এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৯ আগস্ট) আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন ইউনুছ আলী আকন্দ। শুনানিতেও তিনি নিজেই অংশ নেন।
রাষ্ট্রপক্ষের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী নির্বাচনে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তিনি অযোগ্য হবেন না।
রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
Comments