আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল
২০১৩ সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলাম সমাবেশে অভিযান ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই সময় আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে ইন্টারপোলের বিধিবিধান অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিফ প্রসিকিউটর সোমবার (১৭ আগস্ট) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, শাপলা চত্বর মামলায় কোনো পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার এটিই প্রথম উদ্যোগ।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। বিদেশে থাকা অন্য পলাতক আসামিদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় বাহিনীর কর্মকাণ্ডকে কেন্দ্র করে মামলাটি করা হয়।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ওই সময় চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় একজনের মৃত্যুর তথ্য রয়েছে।
মামলায় শেখ হাসিনা, আজিজ আহমেদ ছাড়াও সাবেক মন্ত্রী, পুলিশ ও র্যাবের সাবেক কর্মকর্তাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনাল ইতোমধ্যে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার সময় ৩১ পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
এদিকে, ১৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ আগামী ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওই দিন কারাগারে থাকা আসামিদের হাজির করার পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শাপলা চত্বর মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের নাম ৪১ আসামির তালিকায় রয়েছে—এ তথ্য আনুষ্ঠানিক অভিযোগ সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে।
Comments