প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ শনাক্ত করা সম্ভব হলেও চিকিৎসাসেবায় মানবিকতার কোনো বিকল্প নেই। রোগীর প্রতি চিকিৎসকের সহমর্মী ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একজন রোগী, চিকিৎসক এবং রোগীর স্বজন—এই তিন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার সম্পর্ক থাকা প্রয়োজন। চিকিৎসাসেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
শিশুদের স্বাস্থ্যসেবাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশুস্বাস্থ্যের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের সামগ্রিক অগ্রগতি কোনো একক পক্ষের ওপর নির্ভর করে না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপরই এই খাতের সাফল্য নির্ভরশীল।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
Comments