চুয়েটের পুকুরে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে একই ব্যাচের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন—তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অর্ণব দত্ত। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তাঁরা দুজনেই পানিতে তলিয়ে যান। সহপাঠী মেহেদী হাসান জানান, ডুবে যাওয়ার পর তাঁদের মধ্যে একজনকে ৮-১০ মিনিট এবং অন্যজনকে ৪০-৫০ মিনিট পর উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের চুয়েট মেডিকেল সেন্টারে এবং অবস্থার অবনতি হলে দ্রুত নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পরিবারের ইচ্ছানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৮ জুলাই ঠিক একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ এবং পাড় প্রশস্ত করাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেও, তার কিছুদিন না পেরোতেই ফের এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটল।
Comments