গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১২ আগষ্ট) সকালে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো: মেহেদী শেখ (২৫) ও একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশনে কাছে রেললাইনের উপর বসে ছিল মো: হাসিব গাজী ও মো: মেহেদী শেখ নামের দুই যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবক নিহত হন।
পরে আজ বুধবার সকালে স্থানীয়রা হাঁটতে বের হলে রেল লাইনের উপর ওই দুই যুবককে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে কাশিয়ানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, নিহতের কবর পাওয়ার পর রাজবাড়ী রেলওয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আইনী প্রক্রিয়া শুরু করবেন।
Comments