সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড
গৃহযুদ্ধের সময় সংঘটিত 'যুদ্ধাপরাধ' ও 'মানবতাবিরোধী অপরাধের' দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই রায় ঘোষণা করা হয়। আসাদ বর্তমানে পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।
একই মামলায় আসাদের চাচাতো ভাই এবং সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই সাজা দেওয়া হয়। মূলত ওই দমন অভিযানের মাধ্যমেই দেশটিতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূচনা হয়েছিল।
রায় ঘোষণার সময় বন্দির পোশাক পরে আদালতের খাঁচায় উপস্থিত ছিলেন আতেফ নাজিব। তিনি আসাদ সরকারের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে অন্যতম। ২০১১ সালে তিনি দারা প্রদেশে আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। তবে পরবর্তীতে আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে বিচারিক রায়ের ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা। বর্তমান অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর থেকেই সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ও অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
Comments