রাষ্ট্রপতি পদে এখনো প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে দলটির স্থায়ী কমিটি। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি ব্রিফিংয়ে ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, গণমাধ্যমের উপস্থিতিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোটগ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী সংসদকক্ষের ভেতরে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা তাঁদের নির্ধারিত আসন নম্বর অনুযায়ী ভোট প্রদান করবেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোট দেওয়ার সুযোগ নেই। যদি কেউ নির্দেশ অমান্য করেন, তবে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে।
সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, 'জুলাই সনদ' অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে প্রত্যাশা করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করছে না। তবে রাষ্ট্রপতি নির্বাচন যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একপেশে না হয়, সে উদ্দেশ্যেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো: মনোনয়নপত্র দাখিল: ১৩ আগস্ট (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)। মনোনয়নপত্র বাছাই: ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহার: ১৮ আগস্ট। ভোটগ্রহণ: ২০ আগস্ট (সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)।
Comments