পরিবেশ রক্ষায় দেশবাসীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
পরিবেশ সংরক্ষণ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে নাগরিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে কেবল রাষ্ট্র বা সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা অপরিহার্য।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় দেশবাসীর উদ্দেশে এই আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নিজ নিজ অবস্থান থেকে যার যার কর্তব্য সঠিকভাবে পালন করলে খুব সহজেই একটি পরিচ্ছন্ন পরিবেশ ও কাঙ্ক্ষিত সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব।
দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।"
Comments