বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমান বনানীতে দাফন
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক, প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক মুস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে বনানী কবরস্থানে। বিদেশে অবস্থানরত দুই ছেলের দেশে ফেরার অপেক্ষায় তিন দিন মরদেহ মহাখালীর একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণের পর বুধবার জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রয়াত এই নির্মাতার স্ত্রী, সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ জানান, কানাডার টরন্টো থেকে বড় ছেলে তানভীর রানা মুস্তাফিজ এবং অস্ট্রেলিয়ার সিডনি থেকে ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ দেশে পৌঁছানোর পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের সব আয়োজন সম্পন্ন হয়।
বুধবার সকাল ১০টায় তাঁর মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন ভবনে নেওয়া হয়। সেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক মহাব্যবস্থাপক ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম, অভিনেত্রী আফসানা মিমিসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন।
পরবর্তীতে মরদেহ উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে নেওয়া হয়। বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
গত রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
বিটিভির সোনালি সময়ের অন্যতম রূপকার মুস্তাফিজুর রহমানের প্রযোজনায় নির্মিত হয়েছে 'এইসব দিনরাত্রি', 'সময়-অসময়', 'পারলে না রুমকি' এবং 'শঙ্খনীল কারাগার'-এর মতো কালজয়ী সব নাটক। নির্মাতা ছাড়াও বিটিভির মহাপরিচালক এবং পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও গাজী টিভির (জিটিভি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি দেশের সম্প্রচার মাধ্যমকে সমৃদ্ধ করেছিলেন।
Comments