জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার: প্রধানমন্ত্রী
বর্তমান বিএনপি সরকারের সব রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাই জনগণের সমর্থন ও সহযোগিতা যতক্ষণ থাকবে, সরকার কোনো বাধাই মানবে না।- আজ সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে 'ফ্যামিলি কার্ড' পাওয়া নারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই এই দেশ পুনর্গঠন করে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত নারীদের কাছে কার্ড পাওয়ার অভিজ্ঞতা এবং এর উপকারিতা সম্পর্কে জানতে চান. এ সময় পারুল আক্তার নামে এক উপকারভোগী নারী মঞ্চে এসে অনুভূতি প্রকাশ করে বলেন, "এই কার্ড পেয়ে আমার সংসারের অভাব দূর হয়েছে এবং অনেক উপকার হয়েছে।" তিনি আগামীতেও প্রধানমন্ত্রীকে এভাবে বিপদে-আপদে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী জানান, বাটাজোরে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে. যারা এখনও পাননি, তারাও দ্রুত এই সুবিধার আওতায় আসবেন উল্লেখ করে তিনি বলেন, "সারাদেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে. আগামী পাঁচ বছরের মধ্যে সব পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।" তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং সমাজে এক বিরাট পরিবর্তন আসবে।
ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান—যে ধর্মেরই হই না কেন, আমাদের হাজার বছরের ঐতিহ্য হলো সবাই মিলে শান্তিতে বসবাস করা। বর্তমান ও ভবিষ্যতেও আমরা কোনো ধর্মীয় ভেদাভেদ না রেখে, সবাইকে মানবিকতার ভিত্তিতে বিচার করে দেশ পুনর্গঠন করতে চাই।"
সবশেষে প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্য ও রাজনীতির মূল উদ্দেশ্য তুলে ধরে একটি নতুন স্লোগান ঘোষণা করেন. তিনি বলেন, "আমরা আগে বলতাম—'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'। এবার বলতে চাই—'করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ'। আগামী দিনে দেশের সব মানুষ যাতে একটু ভালো ও শান্তিতে চলতে পারেন, সেটাই এই সরকারের একমাত্র লক্ষ্য।
Comments