সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। নজরুল ইসলাম চৌধুরীর ভাগিনা আমিন আহমেদ চৌধুরী রোকন এই তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওই আসন থেকে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Comments