বাংলাদেশের বন্যা-ভূমিধসের ক্ষয়ক্ষতিতে শোক জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট
বাংলাদেশে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। তিনি দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, বন্যা ও ভূমিধসের কারণে যাদের ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দুর্ভোগে মালদ্বীপের জনগণ সমানভাবে ব্যথিত। এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনর্বাসন এবং দুর্গত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরবে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রাকৃতিক দুর্যোগের এই সংকটে মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা বার্তা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার আরেকটি ইতিবাচক নিদর্শন।
Comments