চট্টগ্রামে পানিবন্দিদের মাঝে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মেয়র ও এমপিদের ত্রাণ বিতরণ
চট্টগ্রাম নগরে টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, চসিক মেয়র ও স্থানীয় সংসদ সদস্যরা।
রবিবার ১২ জুলাই নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি পরিবারের মাঝে তারা খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মানুষের কষ্ট লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।"
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চসিকের এই তৎপরতা চলবে।"
ত্রাণ বিতরণকালে উপস্থিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তারা জানান, শুধু জরুরি ত্রাণই নয়, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা বদ্ধপরিকর।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
Comments