শিগগির খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, নতুন কমিটি গঠন সম্পন্ন: সংস্কৃতিমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা এলোমেলো থাকলেও এখন সব প্রস্তুতি সম্পন্ন এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে; ফলে খুব দ্রুতই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে 'জুলাই স্মৃতি জাদুঘর'। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতিমন্ত্রী জানান, জাদুঘরটি খুলে দেওয়ার বিষয়ে ইতিমধ্যে জাতীয় সংসদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং এর অন্যান্য কার্যক্রমের বিস্তারিত রূপরেখা দেশবাসীকে জানানো হবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,"বিগত ১৮ থেকে ২০ বছরে তারা দেশের সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস করেছে। শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে বছরের পর বছর প্রহসন চলেছে।"
তিনি আরও অভিযোগ করেন, বিগত শাসনামলে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার ও লুটপাট করে দেশের ব্যাংক ও বীমা খাতকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। বর্তমান সরকার দেশের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারসহ সব খাত সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ সকালে মন্ত্রী কুমিল্লার ঐতিহ্যবাহী ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Comments