হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া এবং সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৩ জনের মৃত্যুর পর দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। অন্যদিকে, ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭৯৬ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর ফলে দেশে সন্দেহভাজন মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে ল্যাবরেটরিতে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে দেশে ল্যাব-নিশ্চিত মোট আক্রান্তের সংখ্যা এখন ১৩ হাজার ৭০ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৯১ হাজার ২৭০ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৬২৮ জন। বাকিরা এখনও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Comments