গুম-খুনের বিচারের দাবিতে আগামীকাল ঢাকায় ১১ দলের সমাবেশ
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। একই সাথে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জোটটি।
আজ সোমবার (২২ জুন) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, "বিচারপ্রক্রিয়ায় শিথিলতার কারণে ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় কৃত্রিম উত্তেজনা তৈরি ও হামলার ঘটনা ঘটছে। অন্যায়ের বিরুদ্ধে ১১ দল দাঁড়ালে সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে।"
তিনি আরও বলেন, রাজধানীর সমাবেশ থেকে সরকারের ব্যর্থতা, নির্মমতা এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দল। এই কর্মসূচিতে বিগত সরকারের আমলের গুম-খুনের বিচারের দাবির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ ও দাবি জানানো হবে।
লিয়াজোঁ কমিটির বৈঠক ও সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
Comments