পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি শুরু যেকোনো দিন
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।
মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রীম কোর্ট প্রশাসন। তারা জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রীম কোর্টে এসেছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এর আগে, রোববার আসামিদের জেল আপিল শুনানির গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
ওইদিনই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আছিয়া ও শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে, কোনো মূলতবি ছাড়া বিরতিহীনভাবে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।
গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে।
Comments