ওয়াশিংটন-তেহরান সমঝোতায় ক্ষতির আশঙ্কা ইসরায়েলের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিকে ইসরায়েলের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার দাবি, এই সমঝোতা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো 'বিশ্বের' জন্যই নেতিবাচক। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে অভিযান এবং লেবাননে হিজবুল্লাহবিরোধী পদক্ষেপ ইসরায়েল নিজস্ব উপায়ে চালিয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বার্তাসংস্থা আনাদলু বলছে, সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলি এই অর্থমন্ত্রী বলেন, 'ইরানকে দুর্বল করার যৌথ অভিযানে অনেক কিছুই অর্জিত হয়েছে, আর সেগুলো নষ্ট হবে না।'
তিনি আরও বলেন, 'আমাদের নিজেদের উদ্যোগে এবং সৃজনশীল উপায়ে এই অভিযান চালিয়ে যেতে হবে, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।' স্মোট্রিচ দাবি করেন, লেবানন ইস্যুতে ইসরায়েলকে নতুন পরীক্ষার মুখে পড়তে হবে। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে হিজবুল্লাহকে আরও দূরে ঠেলে দিতে তিনি কাজ চালিয়ে যাবেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ঘোষণা দেন যে ইরানের সঙ্গে একটি শান্তি সমঝোতা সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই ঘোষণার পরও সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এ ছাড়া প্রায় ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন এবং আরও ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Comments